দেশজুড়ে

খুলনায় দিনে-দুপুরে যুবদল নেতাকে গুলি

বায়ান্ন প্রতিবেদন

খুলনার তেরখাদায় দিনের বেলায় গুলিবিদ্ধ হয়েছেন মো. রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পারহাজীগ্রামে সেনেরবাজার-মধুপুর সড়কের খান ব্রিকসের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রামীম বিশ্বাস পারহাজীগ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় রামীম একটি ভ্যানে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেছন দিক থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার পাঁজরে লাগলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে তেরখাদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

এর আগে, গত ২২ অক্টোবর আধিপত্য বিস্তার ও মাদক কারবার নিয়ে বিরোধের জেরে মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে খুলনা নগরীতে গুলিতে দুজন নিহত হন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #খুলনা #যুবদল নেতা