দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে আকাশে সামরিক বাহিনীর দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত বিমান দুটি সংঘর্ষের পর ঘাঁটির ভেতরেই বিধ্বস্ত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান এক বিবৃতিতে জানান, দুটি বিমানই বিমানঘাঁটির সীমানার মধ্যে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত চার পাইলট ছাড়া অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান বাহিনীর সব এসএফ-২৬০ মডেলের বিমানের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ক্যাপিনগুইয়ান।
সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইনের সামরিক বিমানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। এর আগে চলতি বছরের মে মাসে দেশটির উত্তরাঞ্চলীয় বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় এসএফ-২৬০ মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় দুই সামরিক পাইলট নিহত হয়েছিলেন।