সারাদেশে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ২২২ জনে পৌঁছেছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১১৮ জনের।
গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে ঢাকা বিভাগের তিনজন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুজন করে এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছে।
এসময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫১ জনের। অন্যদিকে, ১ হাজার ১৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩২৪ জনে। এ সময়ে হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনের শরীরে।
একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।
এমএ//