রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় ৪১টি মামলা করা হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও জালনোটসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
রোববার (২৫ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৭৮ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১০০ জন, ওয়ারী ও মতিঝিল বিভাগে ৭১ জন করে, গুলশান বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৪২ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত গুলির একটি অংশ, তিনটি চাকু ও আটটি রড উদ্ধার করা হয়।
এ ছাড়া ৯ হাজার ৫৮টি ইয়াবা বড়ি, দুই গ্রাম হেরোইন ও ২১ পুরিয়া গাঁজা জব্দ করা হয়েছে। তবে উদ্ধার করা আলামতের তালিকায় উল্লেখ থাকা এক কেজি ৪৫০ গ্রাম কোন বস্তু বা মাদকদ্রব্য, তা স্পষ্ট করা হয়নি।
পুলিশ আরও উদ্ধার করেছে একটি ব্যক্তিগত গাড়ি, একটি মোটরসাইকেল, ১২টি মুঠোফোন ও ২০০ টাকার ৩২০টি জালনোট। এ ছাড়া একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস, একটি কিবোর্ড ও নগদ ১০ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।
ডিএমপি জানায়, শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসি//