নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
রোববার (২৫ অক্টোবর) ভোরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি চার কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মেয়ে মনোরমা আক্তার বলেন, “বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ ভোরে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। অজান্তে তিনি কোনো ভুল করে থাকলে অনুগ্রহপূর্বক ক্ষমা করে দেবেন।”
তিনি আরও বলেন, “আজ বিকেল সাড়ে ৩টায় মহাদেবপুর ডাকবাংলা মাঠে প্রথম ও বিকেল সাড়ে ৪টায় নিজ বাসভবন গোফানগরে দ্বিতীয় জানাজা শেষে বাবাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।”
রাজনীতির পাশাপাশি আব্দুল মান্নান ডেনমার্কের একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় নীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত আব্দুল মান্নান আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করেছেন। ন্যায় ও সত্যের পক্ষে থেকেছেন সব সময়।
মানবাধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করা আব্দুল মান্নানের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসি//