জাতীয়

লং মার্চ-মিছিল না করে আলোচনায় আসুন : চিফ হুইপ

ফাইল ছবি

বিরোধী দলকে উদ্দেশ্য করে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন,  রাজপথে লং মার্চ-মিছিল না করে সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। লং মার্চ করে সব সমস্যার সমাধান করা গেলে সবার আগে প্রধানমন্ত্রীই তা করতেন।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের এলডি হলে  ‘আজকের প্রজন্ম ফোরাম’ (এপিএফ) আয়োজিত এবং ‘ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’ এর সহযোগিতায় ‘বাংলাদেশ অ্যাট কপ-৩১: ফ্রম ন্যাশনাল প্রায়োরিটিজ টু গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলকে সরকারের সমালোচনা না করে বৈশ্বিক সমস্যা সমাধানে সরকারের পাশে থাকার আহ্বান জানান চিফ হুইপ। একই সঙ্গে পাঁচ মাসের মধ্যেই দেশকে অস্থিতিশীল করতে কারা রাজপথে নামছে, তরুণদের সেদিকে খেয়াল রাখারও আহ্বান জানান তিনি।

নুরুল ইসলাম মনি বলেন,  ‘বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূণ্য দশমিক ৪৭ শতাংশ হওয়া সত্ত্বেও প্রায় ২০ কোটি মানুষের এই দেশটি আজ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। উপকূলীয় অঞ্চল, বিশেষ করে বরগুনা ও খুলনায়, নদীর পানিতে লবণাক্ততা বাড়ায় সুপেয় পানির তীব্র সংকট তৈরি হচ্ছে। এতে মৎস্য ও কৃষিসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর বন্যায় সাধারণ মানুষের ঘরবাড়ি, ধান, গবাদিপশু ও ভিটেমাটি পানিতে ভেসে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কখনো বিশ্বে সংঘাত ছড়ায়নি বা অস্ত্র তৈরি করেনি। অথচ উন্নত দেশগুলোর ঐতিহাসিক কার্বন নিঃসরণের মাশুল গুণতে হচ্ছে আমাদের সাধারণ জনগণকে। জলবায়ু তহবিলের অর্থ পাওয়ার ক্ষেত্রে কোনো অহেতুক জটিলতা থাকা উচিত নয়। বরং অর্থের যথাযথ ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করে সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছানো জরুরি।’

আসন্ন কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার ও তরুণদের ঐক্যবদ্ধ দাবি আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান চিফ হুইপ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #চিফ হুইপ