আন্তর্জাতিক

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার ২ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে দুই দেশের একাধিক এলাকায় কম্পন ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে দক্ষিণ এশিয়ার দেশ দুটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত সেখানে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২।

রয়টার্স জানিয়েছে, প্রাথমিকভাবে কম্পনটির মাত্রা ৫ দশমিক ৮ বলে ধারণা করা হলেও পরে তা সংশোধন করে ৫ দশমিক ২ নির্ধারণ করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১০ কিলোমিটার গভীরে।

অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূমিকম্পের প্রভাব পড়ে।

তবে দুই দেশেই ভূমিকম্পের কারণে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #আফগানিম্তান #ভূমিকম্প