ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সাত মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পর্যায়ক্রমে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের তীব্রতা বিবেচনায় পরে আরও তিনটি ইউনিট পাঠানো হয়।
কারখানার ভেতরে প্লাস্টিকসামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবরও পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্তারিত তথ্য জানা যাবে।
এসি//