ঢাকার কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর ১২টা ২৫ মিনিটে কেরানীগঞ্জের নারকেলবাগ এলাকায় অবস্থিত আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিটটি দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
তালহা বিন জসিম আরও জানান, কারখানা থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানার ভেতরে প্লাস্টিকের সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এসি//