পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ আর বিদেশি সহায়তার ওপর নির্ভর করে চলতে চায় না। বাংলাদেশ এখন নিজস্ব সক্ষমতার ওপর দাঁড়িয়ে বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব গড়ে তুলতে চায়।
সোমবার (২৬ অক্টোবর) জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দিনের কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটিয়েছেন। মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় ও শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, বিশেষ করে সরকারের পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক নীতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক অংশীজনদের আগ্রহ রয়েছে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন কারণে বাংলাদেশ ও জাপানের সম্পর্কের ক্ষেত্রে যেসব বাধা তৈরি হয়েছিল, সেগুলো কাটিয়ে নতুন অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। আগে আস্থার ঘাটতি ছিল, দুর্নীতিও বেশি ছিল। এখন গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে জাপান বাংলাদেশের সঙ্গে এমন একটি সম্পর্ক গড়ে তুলতে চায়, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহি থাকবে। একই সঙ্গে থাকবে টেকসই ও সম্ভাবনাময় অংশীদারত্ব এবং বিনিয়োগ সহযোগিতা।
আই/এ