জাতীয়

গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এমন পরিস্থিতিতে চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছে ভারতের চার সদস্যের একটি প্রতিনিধিদল।

শনিবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশে পৌঁছান ভারতীয় প্রতিনিধিদলের সদস্যরা। ভারতের যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্র এই দলের নেতৃত্ব দিচ্ছেন।

২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ও ভারতের যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। সফররত ভারতীয় প্রতিনিধিদলের বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানো বা নবায়নের বিষয়ে আলোচনা করার এখতিয়ার নেই।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি নতুন করে নবায়ন করা হবে, নাকি পরবর্তী চুক্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এর মেয়াদ বাড়ানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব।

এদিকে, বিদ্যমান চুক্তি সরাসরি নবায়নের পরিবর্তে ভারতের সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী বাংলাদেশ। নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ধারা যুক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছে ঢাকা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #গঙ্গা পানিবণ্টন চুক্তি #ঢাকা #বৈঠক #ভারত