১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংকে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক রোববার (০১ ফেব্রুয়ারি) বিশেষ ছুটি ঘোষণা করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার নির্ধারিত ছুটির কারণে উল্লিখিত দুই দিনে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন এবং সব ধরনের ব্যাংকিং সেবা স্থগিত থাকবে।
এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটির ঘোষণাও দেওয়া হয়।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এসি//