অর্থনীতি

সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

পোশাকশিল্পের অস্থিরতায় উসকানি ও অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও শীর্ষ ব্যবসায়ীসহ মোট ২০৪টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) এই নির্দেশনা জারি করে এনবিআর। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের কার্যক্রম চলছে। তালিকায় দেশের কয়েকটি শীর্ষ শিল্পগ্রুপের মালিক, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং রাজনৈতিক কর্মীরা রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনবিআর এর দুটি গোয়েন্দা বিভাগ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা পাঠিয়েছে। 

সূত্রটি আরও জানায়, প্রায় ১২৫টি প্রতিষ্ঠান রাজস্ব কর্তৃপক্ষের কড়া নজরদারির আওতায় এসেছে। পোশাক খাতকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টার সঙ্গে এসব প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এনবিআর ব্যাংকগুলোর কাছে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিস্তারিত লেনদেনের তথ্য চেয়েছে।

তালিকায় থাকা ব্যক্তি-প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সালমান এফ রহমান, আবদুস সালাম মুর্শেদী, টিপু মুনশি, নসরুল হামিদ, তাজুল ইসলাম, তুসুকা গ্রুপের ফয়জুর রহমান, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের মোশাররফ হোসেন এবং বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচি।

এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সরকারের কয়েকটি সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজস্ব কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে। 

পোশাক খাতকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিচালিত কর্মকাণ্ডে অর্থায়ন করেছে এমন অভিযোগের ভিত্তিতে ব্যাংকগুলোকে এই ব্যক্তিদের ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শনাক্ত ও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

 

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন