দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা
দায়রা আদালতেও জামিন হলো না এমপি নজরুলের
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। রোববার (০১ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার জামিন আবেদন নাকচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে গাজী নজরুল ইসলামের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মাহাবুবুর রহমান ও মিজানুর রহমানসহ কয়েকজন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, ৭৫ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানির শিকার হচ্ছেন। তিনি জটিল হৃদরোগেও ভুগছেন।
আসামিপক্ষের আইনজীবীরা আরও জানান, গত ৩০ সেপ্টেম্বর মামলাটিতে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম আপসের শর্তে জামিন পেয়েছেন। একই শর্তে তারও জামিন চাওয়া হয়। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে আদালত আবেদনটি খারিজ করে দেন।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীত পাশে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ।
মামলার পর পুলিশ সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুল রহমানকে গ্রেপ্তার করে। বর্তমানে এ মামলার আসামি গাজী নজরুল ইসলাম ও ওবায়দুল রহমান কারাগারে রয়েছেন।
এসি//