দেশেই আছেন রুমি, চেয়েছেন আগাম জামিন
টঙ্গীতে মাদরাসায় যৌন নিপীড়নের শিকার সেই শিশুর বাবা শাহজালাল রুমি দেশেই আছেন। তার বিরুদ্ধে হওয়া মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন আবেদনও করেছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) শাহজালাল রুমির আইনজীবী এইচ. এম রুহুল আমীন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আইনি সহায়তার জন্য গতকাল বিকেল থেকে রুমি তার চেম্বারে অনেকক্ষণ অবস্থান করেন। রুমির বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। তবে শুনানি কবে তা জানা যায়নি।
এই আইনজীবী আরও বলেন, শাহজালাল রুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এক নাগরিক। যিনি বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা রেখে আইনি পথেই নিজের ও পরিবারের নিরাপত্তা ও সুবিচার নিশ্চিত করতে চাচ্ছেন।
এর আগে শাহজালাল রুমি গতকাল সাংবাদিকদের এক বার্তায় জানান, ‘আমি এই দেশে আর নেই। এগুলো নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’
আই/এ