কেন্দ্র দখল করতে চাইলে সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সবার সহযোগিতায় এবারের নির্বাচন খুব শান্তিপূর্ণ হবে। তবে কেউ কেন্দ্র দখল করতে চাইলে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ময়মনসিংহে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, পুলিশকে ২৫ হাজার ৭০০ বডিওর্ন ক্যামেরা দিচ্ছি, ড্রোন ব্যবহার করছি। এরপরও যদি কেউ কোনো রকম এদিক-সেদিক করতে যায়, তাহলে কেউ ছাড় পাবে না। সে ভাই হোক বা বোন হোক, তার ছবি এখানে থেকে যাবে,৩ বা ৪ দিন পর হোক বা ৬ মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পরে হলেও সে ধরা খাবে।
তিনি বলেন, নির্বাচনি দায়িত্ব পালনকালে সাংবাদিকদের পোলিং সেন্টারে ঢোকার জন্য অনুমতি দেয়া হয়েছে। এতে সাংবাদিকদের ওপর হামলার কোনো ধরনের আশঙ্কা নেই। এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগসহ দেশের কোথাও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেনি। তবে ছোটখাট কিছু সমস্যা তো থাকবেই, কিন্তু বড় ধরনের কোনো ঘটনা নেই।
নির্বাচনে ফলাফল নিয়ে তিনি আরও বলেন, ফলাফল প্রস্তুত হয়ে গেলে ঘোষণা করে দেবে। এখন তো ফলাফল ঘোষণা সুবিধা, যেহেতু প্রত্যেকটি কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট থাকবে। কোন প্রার্থী কত ভোট পেল, সাথে সাথেই এজেন্ট তা মোবাইলে জানিয়ে দেবে। সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই মোবাইলের মাধ্যমে ফলাফল মানুষ পেয়ে যায়।
উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র শুধু একমাত্র ঝুঁকি নয়। এর বাইরে বিভিন্ন থানায় হামলার সময় লুট হওয়া কিছু বৈধ অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। এসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে। এটা নির্বাচনে প্রভাব ফেলবে না। নির্বাচনের ফল সঙ্গে সঙ্গে প্রার্থীর ফোনে ও অ্যাপে জানিয়ে দেওয়া হবে। কারচুপির কোনও সুযোগ নেই।
প্রসঙ্গত, সভায় সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আই/এ