আমরা চাই দালালমুক্ত বাংলাদেশ : ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,আমরা চাই দালালমুক্ত বাংলাদেশ, আমরা চাই চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। আমরা দুর্নীতিবাজমুক্ত বাংলাদেশ। আমরা চাই মামলাবাজমুক্ত বাংলাদেশ। আমরা চাই ব্যাংক ডাকাতমুক্ত বাংলাদেশ। আমরা চাই ঋণখেলাপিমুক্ত বাংলাদেশ। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। তারা রায় অলরেডি দিয়ে দিয়েছে, ১২ তারিখ ইনশাআল্লাহ তা-ই হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি পথ খুঁজে পাবে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করবেন না।’
তিনি বলেন, মানুষ যখন হতাশ হয়, মানুষ যখন নিজের ব্যর্থতার গ্লানি চোখের সামনে দেখতে পায়, তখন চোখের মধ্যে শর্ষে ফুল দেখে। তখন অনেক সময় নিজের স্ত্রীকেও মা বলে সম্বোধন করে ফেলে। বর্তমান বাংলাদেশে এখন সেটিই দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, চব্বিশ না হলে ছাব্বিশ হতো না। যারা চব্বিশকে স্বীকার করে তাদের জন্যই ছাব্বিশ এসেছে। আর যারা চব্বিশকে স্বীকার করে না, তাদের জন্য লালকার্ড।
জামায়াত আমির বলেন, ‘যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোনদের গায়ে হাত তোলা হলো, সেদিন সারা বাংলাদেশে যেন আগুন জ্বলে উঠলো। পরদিন সারা দেশে ছয় জন বীর শহীদ হলো। রংপুরে আবু সাঈদ বুক পেতে দিয়ে বললো, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর”। বীরেরা কখনও পালায় না। বীরেরা হয় বিজয়ী হয়, নয়তো গুলি খেয়ে শাহাদাতবরণ করে।’
জনসভায় ১১ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রার্থী ও নেতারা বক্তব্য দেন।
আই/এ