জাতীয়

শেরপুর–৩ আসনের নির্বাচন স্থগিত ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শেরপুর–৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের (৫১) মৃত্যুতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১৭ অনুচ্ছেদের ১ উপধারা অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হয়।

আইন অনুযায়ী, প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন স্থগিতের ঘোষণা দেবেন এবং পরবর্তী সময়ে নতুন তফশিল জানাবে কমিশন।

উল্লেখ্য, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন