আন্তর্জাতিক

এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চাইছি: বিল গেটস

যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনায় এসেছে জেফরি এপস্টেইন–সংক্রান্ত নথিপত্র। বিচার বিভাগ সম্প্রতি কয়েক লাখ দলিল প্রকাশ করেছে, আর সেখান থেকেই সামনে এসেছে একটি অপ্রেরিত খসড়া ইমেইল—যেখানে ধনকুবের বিল গেটসকে ঘিরে করা হয়েছে বিস্ফোরক কিছু দাবি।

ওই খসড়া ইমেইলে এপস্টেইন দাবি করেন, বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। সেখানে উল্লেখ করা হয়, এক রুশ নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের জেরে গেটস অসুস্থ হয়ে পড়েন এবং তাকে সুস্থ হতে ওষুধ দেয়া হয়েছিল—যাতে তিনি পরবর্তীতে অন্য বিবাহিত নারীদের সঙ্গেও সম্পর্ক রাখতে পারেন। তবে ইমেইলটি কখনো পাঠানো হয়নি বলেই জানা গেছে।

এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বিল গেটস। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ৯নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “তার সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য আমি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। ওই ইমেইল কখনো পাঠানো হয়নি। এটি সম্পূর্ণ অসত্য। আমি জানি না, তার উদ্দেশ্য কী ছিল। তিনি কি আমাকে আক্রমণ করতে চেয়েছিলেন?”

গেটস জানান, ২০১১ সালে এপস্টেইনের সঙ্গে তার প্রথম যোগাযোগ হয়। পরবর্তী তিন বছরে তিনি কয়েকবার এপস্টেইনের সঙ্গে নৈশভোজে অংশ নেন। তবে তিনি দাবি করেন, কখনোই ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে যাননি এবং সংশ্লিষ্ট কোনো নারীর সঙ্গে তার সম্পর্কও ছিল না।

বিল গেটসের একজন মুখপাত্রও একই বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, এ ধরনের অভিযোগের বিষয়ে গেটস অবগত নন এবং এসব দাবি ভিত্তিহীন।

এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশের পর আবারও আলোচনায় উঠে এসেছে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার সম্পর্কের প্রশ্ন। তবে বিল গেটস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, খসড়া ইমেইলে করা সব অভিযোগই মিথ্যা এবং তিনি এ বিষয়ে অনুতপ্ত যে কখনো এপস্টেইনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

 

সূত্র: এএফপি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন