ঢাকার ৩ আসন ঝুঁকিপূর্ণ, ২টি অধিক ঝুঁকিপূর্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর তিনটি আসনের একাংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সেনাবাহিনী। ঢাকা-১৪, ১৬ ও ১৮ (মিরপুর ও আশেপাশের এলাকা) আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশ ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর। এর মধ্যে ঢাকা-১৪ ও ১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। নির্বাচন উপলক্ষে তিনটি আসনের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি পরিস্থিতি তুলে ধরতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকির মাত্রা বিবেচনায় ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ঝুঁকিপূর্ণ ও সাধারণ—এই তিন শ্রেণিতে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের আগে সাংবাদিকদের প্রাথমিক যাচাই করার আহ্বান জানানো হয়েছে, যাতে ভুল বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে না পড়ে।
প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের কথাও জানান তিনি। কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধও করেন সেনাবাহিনীর এই কর্মকর্তা।
এমএ//