বিএনপি

আমাদের যাওয়ার জায়গা নেই, প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশ গঠনের নির্বাচন হিসেবে চিন্তা করতে হবে। দেশটাকে গড়ে তুলতে হবে। এই দেশ যদি আমরা গড়ে তুলতে না পাড়ি, তাহলে আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের প্রথম ঠিকানা বাংলাদেশ, শেষ ঠিকানা বাংলাদেশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী শহরের বড় মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, নীলফামারী ইপিজেড আরও বড় করা হবে। এলাকায় বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, হয় তাঁরা বিদেশে যাবেন অথবা দেশে ব্যবসাবাণিজ্য করবেন। নীলফামারী, রংপুর, দিনাজপুরসহ এলাকার মানুষের প্রাণের দাবি হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বিএনপি সরকার গঠন করলে অন্যতম প্রধান কাজ হবে তিস্তা মহারিকল্পনার কাজ শুরু করা।

তিনি বলেন,  সৈয়দপুর-কিশোরগঞ্জ উপজেলাকে শিল্প অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই। সৈয়দপুর রেলওয়ে কারখানাসহ যদি ভারী শিল্পকারখানা গড়ে তোলা সম্ভব হয়, আমরা তা গড়ে তুলতে চাই। এই এলাকার মানুষ কৃষিনির্ভর। আমরা কৃষির ওপর নির্ভর থাকতে চাই না। এই এলাকার মানুষের যাতে কর্মসংস্থানের সমস্যা না হয়, এ জন্য আমরা এ অঞ্চলকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুতে চাই। সৈয়দপুরে এয়ারপোর্ট আছে। এই এয়ারপোর্টকে আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসেবে রূপান্তরিত করতে চাই।

তিনি আরও বলেন,  একটি দলকে আমরা খেয়াল করছি, আমাদের সমাজের বিভিন্ন মানুষকে ভয় দেখাচ্ছে। বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশের কোনো ভোটারকে যারা ভয় দেখাবে, যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইনশা আল্লাহ কারও সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমরা অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন