ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার নিয়ে অবস্থান পরিষ্কার করলো ইসি
ভোটকেন্দ্রগুলোতে ভোটার, প্রার্থী এবং এজেন্টরা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন। তবে কোনোভাবেই গোপন কক্ষের (ভোট দেওয়ার স্থান) ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা বা ছবি তোলা যাবে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মোবাইল ফোন নিয়ে উদ্বেগ জানানো হয়েছিল। মূলত একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। ইসি চিঠিতে যা বোঝাতে চেয়েছে, তা লিখিতভাবে সেভাবে প্রকাশ পায়নি। মোবাইল ব্যবহারের ওপর কিছু বিধিনিষেধ থাকবে। সেটি বিস্তারিতভাবে এবার বলা হবে।
ইসি সচিব বলেন, এবার মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক উপস্থিত থাকছেন। এর মধ্যে ইইউ থেকে ২২৩ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন এবং আইআরআই থেকে ১২ জন প্রতিনিধি রয়েছেন। তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান ও জর্জিয়া থেকে সাংবাদিকরা আসছেন। এছাড়া আল জাজিরা, রয়টার্স, ডয়চে ভেলে ও এপির মতো বিশ্বখ্যাত সংবাদ সংস্থাগুলো ভোট কভার করবে।
আই/এ