নির্বাচনী ব্যয়ের জন্য ১৫ লাখ টাকা নেওয়া হচ্ছিল : এ্যানি
লক্ষ্মীপুরে একটি চেকপোস্টে একটি ব্যক্তিগত গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই টাকা নির্বাচনি কেন্দ্রভিত্তিক খরচের জন্য নেয়া হচ্ছিল বলে জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। অভিযুক্তদের ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক।
জানা গেছে, লক্ষ্মীপুরে ঝুমুর এলাকায় কৃষকদল নেতা শ্যামলসহ তিনজন নির্বাচনকালীন ব্যবহৃত একটি গাড়িতে (ঢাকা মেট্টো-ঘ ১৭-১৩৭৭) যাচ্ছিলেন। চেকপোস্টে গাড়ি তল্লাশি করে ১৫ লাখ টাকা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদেরকে জজ আদালতের ৪ তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিচারক তাহরিনা আক্তার নওরিন আটককৃতদের থেকে বিস্তারিত শুনে তথ্য যাচাই বাছাই করে ছেড়ে দেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তার নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ি চেক করা হয়েছে। প্রকৃত পক্ষে ঘটনাটি হয়েছে তার নির্বাচনি এজেন্ট গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। সেখানে যে ব্যয় তন্মেধ্যে ১৫ লাখ টাকা কেন্দ্রভিত্তিক দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিয়ে যাচ্ছিলেন। কোর্ট থেকেও তা ছেড়ে দেওয়া হয়েছে। এটি কেন্দ্র খরচ ছিল।
মোহাম্মদ রেজাউল হক বলেন, ঝুমুর মোড়ে সেনাবাহিনীর চেক পোস্ট চলছে। গাড়িটি চেক করে টাকাভর্তি ব্যাগ পেয়ে সেনাবাহিনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানিয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনা করে দেখেন যে সেখানে ১৫ লাখ টাকার মতো ছিল। যেহেতু এটি নির্বাচনি ফান্ডের টাকা এবং সব বৈধ কাগজপত্র আছে, বাজেটের ভেতরের টাকা, এতে বিনাশর্তে কোনো ধরনের জরিমানা ছাড়াই বিচারক তাদেরকে ছেড়ে দিয়েছে।
আই/এ