জাতীয়

এটা আমার জীবনে মহা আনন্দের দিন: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারাদিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটা আমার জীবনে মহা আনন্দের দিন। 

তিনি বলেন, এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সে অংশ থেকে আমরা সম্পূর্ণরূপে আজকে থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম।

ড. ইউনূস বলেন, আজকে জন্মদিন পালন করি আমরা, সারাদিনব্যাপী উৎসব করি। সবাই মিলে জাতি হিসেবে উৎসব করি। এবং এটা নিশ্চিত হবে—গণভোটটা দিয়ে, প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম সেটাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে।

জনগণকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘খুব ভালো লাগলো। এটা আমার জীবনে মহা আনন্দের দিন। এবং বাংলাদেশের সবার মনে এটা মহা আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।’

সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।

দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।

এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন