গুজব নয়, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে: ডিএমপি কমিশনার
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী।
ভোট দেয়া শেষে সাংবাদিকদের সাজ্জাত আলী বলেন, সুষ্ঠুভাবে ভোট গণনা শেষ হলে ফলাফল প্রকাশ করা হবে। শুধু গতকাল না, ৬ মাস ধরেই গুজব শুনছি যে ভোট হবে না এটা-সেটা। কিন্তু আপনারা দেখছেন সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছিলেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ সে দিকেই এগোচ্ছে। মানুষ দীর্ঘ ১৭ বছর পর তাদের নাগরিক অধিকার ভোগ করছে। আমিও আনন্দিত। এই ভোটে আমিও শরিক হলাম।
সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে কমিশনার জানান, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ফল মেনে নেয়ার বক্তব্য এসেছে বলে তিনি উল্লেখ করেন।
টিভি স্ক্রিনে দেখলাম, উভয় দলই বলছে ফল যাই হোক তারা মেনে নেবে। যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হচ্ছে, সবাই সেটা মেনে নেবেন এটাই স্বাভাবিক, বলেন তিনি।
২০১৮ সালে ভোট দিতে এসে নিজের অভিজ্ঞতা উল্লেখ করে কমিশনার বলেন, এই কেন্দ্রেই ১৮ সালের নির্বাচনে আমি ভোট দিতে এসেছিলাম। তখন আমার বাসা এখানে ছিল। আপনারা জানেন আমি ১৬ সালে অবসর গ্রহণ করেছি। এখন ডিএমপি কমিশনার হিসেবে মিন্টু রেডে থাকি। ২০১৮ সালে আমি এই কেন্দ্রেই ভোট দিতে এসে গেটটা পার হয়ে যখন ভেতরে গিয়েছিলাম, তখন আমাকে বলা হলো আপনার ভোট দেওয়া হয়েছে। এই কথা শুনে আমি গেট থেকেই ফেরত চলে গিয়েছিলাম।
এসি//