দেশজুড়ে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এতে সাড়ে চার শতাধিক বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার অপরাজয়-৭১ এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান বিজিবি সদস্যরা।

পরে সংবাদ সম্মেলনে বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া জানান, ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এসব সদস্য মোতায়েন করা হয়েছে। তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, ভোটাররা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য। এ জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন সদস্যরা। নির্বাচনে বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে—এমন কর্মকাণ্ড ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল খ. আখলাকুর রহমান, সহকারী অধিনায়ক শিহাব উদ্দিনসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন