রাজনীতি

শাপলা কলিতে ভোট দেওয়ায় ধর্ষণের অভিযোগ, রাজধানীতে এনসিপির বিক্ষোভ

নোয়াখালীর হাতিয়ায় ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ এবং সারাদেশে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বাংলামটরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

সমাবেশে নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় আসার পরপরই বিএনপির নেতাকর্মীরা ধর্ষণ ও হত্যার মতো অপরাধে জড়াচ্ছে। তারা সতর্ক করে বলেন, সঠিক পথে না এলে তাদের পরিণতিও স্বৈরাচারী আওয়ামী লীগের মতো হবে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।

একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়েও প্রতিক্রিয়া জানান বক্তারা।

উল্লেখ্য, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে ৩২ বছর বয়সী এক নারীকে নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী নলেরচর এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

তার ভাষ্যমতে, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে তিন ব্যক্তি ঘরে প্রবেশ করেন। তাদের মধ্যে ‘কালা এমরান’ ও অজ্ঞাতনামা একজন দরজায় পাহারায় ছিলেন এবং ‘রহমান’ নামের আরেক ব্যক্তি তাকে ধর্ষণ করেন। এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাতিয়া থেকে আসা ওই নারী মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। তাকে দ্রুত ভর্তি করে গাইনি বিভাগে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন