আন্তর্জাতিক

এ বছর সবচেয়ে বেশি ও কম সময় রোজা রাখবে যেসব দেশ

কয়েক দিনের মধ্যেই মুসলিম বিশ্বের জন্য শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরু হবে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি। তবে ভৌগোলিক অবস্থান ও ঋতুর পার্থক্যের কারণে সব দেশের মুসলমানদের রোজার সময় একরূপ হবে না।

জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী আগের বছরের তুলনায় এবার রমজান সারাবিশ্বে প্রায় দশ দিন এগিয়ে শুরু হচ্ছে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ে ভৌগোলিক অবস্থানগত পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে রোজার দৈর্ঘ্যও ভিন্ন হবে।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, এবারের রোজা রাখার সময় দেশের ভিত্তিতে সর্বনিম্ন হবে সাড়ে ১১ ঘণ্টা, আর সর্বোচ্চ সাড়ে ১৫ ঘণ্টা। উত্তর গোলার্ধে অবস্থানরত মুসলমানরা চলতি বছর সাধারণত ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখবেন, যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। বিপরীতে দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে রোজার সময় ১৪ থেকে ১৫ ঘণ্টা থাকবে, যা ধীরে ধীরে কমতে শুরু করবে।

ইসলামিক ফাইন্ডারের তথ্য অনুযায়ী, এবার সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখবেন নিউজিল্যান্ডের মুসলিমরা। তালিকায় পরে আছে চিলি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ফ্রান্স, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড ও ফিনল্যান্ডে রোজার সময় তুলনামূলক স্বল্প।

আরব দেশগুলোতে রোজার সময় হবে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা, আর বাংলাদেশে রোজার সময় পৌনে ১৩ ঘণ্টা থেকে সাড়ে ১৩ ঘণ্টার মধ্যে থাকবে।

এবার রমজান ধীরে ধীরে শীতের সময় আসায় বিশ্বব্যাপী আবহাওয়া কিছুটা শীতল থাকবে, যা রোজা পালনে তুলনামূলক স্বস্তিদায়ক। মুসলিম দেশগুলোতেও এবারের রমজান তুলনামূলক আরামদায়ক ও সুখকর হওয়ার আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা আরও উল্লেখ করেন, নিরক্ষরেখা থেকে দূরে কোনো দেশ অবস্থান করলে দিনের দৈর্ঘ্যের তারতম্য বেশি হয়। তাই উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি দেশগুলোতে রোজার সময়েও উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন