পুলিশকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। ফলে জনগণের প্রত্যাশাও অনেক বেড়েছে। সে প্রত্যাশা পূরণে নির্বাচনি ইশতেহার দ্রুত বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীতে জনপ্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার আনতে হলে আগে অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও নৈতিকতা উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং বাজেট বরাদ্দের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নের জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা তৈরির নির্দেশ দেন। এর ভিত্তিতে সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
এমএ//