জাতীয়

ইসি থেকে ১৫ কর্মীকে অব্যাহতি

নির্বাচন কমিশন (ইসি) ১৫ জন কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, একটি প্রকল্পে কর্মরত ৯ জনের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাওয়ায় তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া আরও ৬ জনের নিয়োগপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বাতিল করেছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন— মো. আবদুল্লাহ আল মামুন, মো. আবু বকর সিদ্দিক, মো. জসিম উদ্দিন, ওয়ায়েত হোসেন, মো. আল আমিন, আফজাল হোসেন লিটন, শাহা জাহান, পাপন শর্মা, মো. বিলাল উদ্দিন, প্রাণেশ চন্দ্র মজুমদার, মো. নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মো. আবুল হোসেন সরকার, মো. মিজানুর রহমান ও মো. আনিছুর রহমান। তারা বিভিন্ন উপজেলা ও জেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটরসহ সংশ্লিষ্ট পদে দায়িত্ব পালন করছিলেন।

এই ১৫ জনের আইডি কার্ড ও প্রবেশাধিকার বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত ও শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আদেশে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনা অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ উল্লেখ করা হয়নি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন