ট্রাক-সিএনজি সংঘর্ষে ৫ জনের মৃত্যু
কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কুষ্টিয়া স্টোর নামের তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। প্রাথমিক তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে সিএনজির চালক ও চার যাত্রী রয়েছেন। নিহতদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন মহিলা ও দুজন পুরুষ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিকশাটি বটতৈল কবুরহাট থেকে বাইপাস হয়ে ত্রিমোহনীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সিএনজির সঙ্গে ধাক্কা মারায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করেন। হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে, তবে ট্রাক চালক এখনো পলাতক। ঘটনার সঙ্গে সম্পর্কিত আইনগত প্রক্রিয়া চলমান।
এমএ//