শিশু গৃহকর্মীকে খুন্তি দিয়ে ছ্যাকা, চিকিৎসক দম্পতি গ্রেফতার
সাভারের আশুলিয়ায় ১০ বছরের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের এক চিকিৎসক দম্পতিকে আটক করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, রোজা রাখার অবস্থায় ওই শিশুকে গরম খুন্তি দিয়ে শরীরে ছ্যাকা দেয়া হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিংয়ের একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত ডা. জাহিদুল ইসলাম ও তার স্ত্রী ডা. মারিয়া সুলতানাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
ভুক্তভোগী গৃহকর্মীর নাম সামিয়া আক্তার। সে পাবনার আমিনপুর এলাকার রজব আলীর কন্যা।
এ ঘটনার কয়েকদিন আগে রাজধানীর উত্তরা এলাকায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাফিকুর রহমানের স্ত্রী বিথী আক্তার গ্রেফতার হন। এ ঘটনায় দেশব্যাপি প্রতিবাদর ঝড় উঠে।
সামিয়ার অভিযোগ, গত ১১ মাস ধরে ডাক্তার দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছে সে। প্রথম মাসে আদর-যত্ন করলেও পরের মাস থেকেই বের হতে থাকে তাদের আসল রূপ। কোন কাজে উল্টা-পাল্টা হলেই স্বামী-স্ত্রী মিলেই অমানবিক নির্যাতন করত গৃহকর্মী শিশুটির ওপর। গরম খুন্তি দিয়ে তার জিহ্বায় ছ্যাঁকা দেয়াসহ নানা নির্যাতনের অভিযোগ জানতে পেরে এলাকাবাসী পুলিশে খবর দিলে গতকাল রাতেই ওই ডাক্তার দম্পতিকে আটক করে পুলিশ।
মেয়েটি জানায়, কোন খাবার না বলে খেলেই তার ওপর অমানবিক নির্যাতন করা হত।
সে জানায়, তার পরিবারের লোকজন জোর করে এই বাসায় টাকার বিনিময়ে তাকে রেখে যায়। তার বাবার সঙ্গে কথা বলবে কি না, জিজ্ঞেস করলে সে বলে আমি তাদের সঙ্গে কথা বলব না, তারা আমার কেউ না।
ডাক্তার দম্পতিকে আটকের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার গণমাধ্যমকে বলেন, খবর জানার পরপরই শনিবার সন্ধায় মেয়েটিকে উদ্ধার করে আশুলিয়া থানা হেফাজতে নেয়া হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দিয়ে আনা হয়েছে। মেয়েটির পিতা রজব আলী বাদী হয়ে মামলা দিয়েছেন। দুপর ১টায় গ্রেফতার দম্পতিদের আদালতে পাঠানো হয়েছে।
এসি//