হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ২
নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। ঘটনাকে ঘিরে তার সমর্থক ও প্রতিপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পর সংঘর্ষ বাধে। এতে অন্তত দুজন আহত হন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে সেখানে যান হান্নান মাসউদ। বাজারে পৌঁছানোর পর তার গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ ওঠে।
হামলার খবর ছড়িয়ে পড়তেই উভয় পক্ষের লোকজন এলাকায় জড়ো হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।
আহত দুজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তাদের অবস্থা আপাতত স্থিতিশীল।
এ ঘটনায় এমপি আব্দুল হান্নান মাসউদ অভিযোগ করেন, বেলাল মাঝির নেতৃত্বে একদল ব্যক্তি পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পরিস্থিতি নজরদারিতে রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএ//