মামলাজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে : আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলাজট আমাদের দেশে একটা প্রকট সমস্যা। সেটা নিরসন করতে যা যা করতে হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অবস্থায় যতটুকু তৎপর ছিলাম, এখন তার চেয়ে এক ডিগ্রি বেশি হলেও তৎপরতা দেখতে পাবেন ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকার বদ্ধ পরিকর। নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এদের যদি কেউ শেল্টার দেয় তাদের শেকড় উপড়ে ফেলা হবে।
আসাদুজ্জামান বলেন, অন্তবর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা প্রতিটি অধ্যাদেশই বিল আকারে সংসদে পেশ করা হবে। আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তবর্তী সময়ে যে ১৩৩ অধ্যাদেশ জারি করা হয়েছে তার প্রত্যেকটি পেশ করা হবে।
তিনি আরও বলেন, সরকারি কোন দপ্তরের কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতিবাজ কর্মকতাদের শুধু চাকুরিই যাবে না তার বিরুদ্ধে মামলাও হবে।
এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আই/এ