ইরান তার শত্রুদের ঘাঁটি চূর্ণবিচূর্ণ করছে : মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী শত্রুদের হতাশ করবে এবং তারা বর্তমানে "শত্রুদের ঘাঁটি চূর্ণবিচূর্ণ" করছে।
রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টিভিতে দেয়া ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।
এসময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেন। মাসুদ পেজেশকিয়ান জানান, দেশটির অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ তার নেতৃত্বে কাজ শুরু করেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, পেজেশকিয়ান নিজেই তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটির অংশ। এ কমিটি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের সময় সাংবিধানিক শূন্যতা এড়াতে পদক্ষেপ নিয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন দেশটির বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেহেই এবং আয়াতুল্লাহ আলী রেজা আরাফি।
জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আধ ঘন্টা আগে ইরানের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ একটি পোস্টে বলেন, সাম্প্রতিক আক্রমণ ইরান ইসলামী প্রজাতন্ত্রের সরকারের কর্তব্য ও দায়িত্ব পালনের সংকল্পকে ব্যাহত করবে না।
তিনি আরও বলেন যে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর "শোক" "দীর্ঘদিন" "মানুষের মনে" থেকে যাবে।
আই/এ