দেশজুড়ে

নিত্যপণ্যের বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

বুধবার (০৪ মার্চ) দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত জেলা শহরের জগৎবাজার ও আনন্দবাজারে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

রমজান মাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসাযী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে। এর পরিপ্রেক্ষিতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযান চলাকালে জগৎবাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দুই পাইকারি বিক্রেতা মেসার্স শাহ আমানত ট্রেডার্স ও আল মদিনা বাণিজ্যালয়কে পণ্যের ক্রয় রশিদ না রাখার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, রমজান মাস উপলক্ষে বাজারগুলোতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে। তবে ব্রাহ্মণবাড়িয়ায় তুলনামূলকভাবে বাজার পরিস্থিতি ভালো রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী প্রমুখ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন