বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন-ঢাকার নিউমার্কেট এলাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা মো. ইলিয়াস হোসেন (৫৫) এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মাইক্রোবাস চালক মো. রিপন মাঝি (৪৫)।
শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
গৌরনদী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বরিশালগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মো. শামীম শেখ জানান, বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আই/এ