দেশজুড়ে

বরিশাল থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক

আড়াইঘন্টা পর বরিশাল থেকে সব রুটে বাস চলাচল আবারও শুরু হয়েছে। এর আগে বরিশাল মহাসড়কে থ্রি-হুইলার এবং অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ করে বাস চলাচল বন্ধ ঘোষণা করেন মালিক ও শ্রমিকরা।

সোমবার (২৪ আগস্ট) বরিশাল বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বানারীপাড়া রুটের বাসে মাহিন্দ্রাচালকেরা সড়ক আটকে বাস শ্রমিকদের সঙ্গে ঝামেলায় জড়ান। প্রথম দিকে শ্রমিকেরা কোনো প্রতিক্রিয়া দেখাননি। পরে পরিস্থিতির কারণে দুপুরে বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হন তাঁরা। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এবং প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার আশ্বাস পাওয়ায় বিকেলে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

মোশারফ হোসেন বলেন,  তারা সরকারকে রাজস্ব দিয়ে বাস চালিয়ে আসছেন। কিন্তু মহাসড়কে অবৈধ যানবাহন এবং থ্রি-হুইলার চলাচল করায় যাত্রী সংকটের সঙ্গে বেড়েছে দুর্ঘটনাও। এ কারণে থ্রি-হুইলার মালিক সমিতি ও শ্রমিকদের সঙ্গে একাধিক বৈঠক করে তাদের চলাচল কীভাবে হবে তা লিখিতভাবে সিদ্ধান্ত হয়। কিন্তু থ্রি-হুইলার চালকরা মানছেন না। তারা ইচ্ছামতো বাসের কাউন্টার আটকে যাত্রী নিয়ে নগরী থেকে বিভিন্ন উপজেলায় যাচ্ছেন। নিষেধ করা সত্ত্বেও তারা না মেনে উল্টো কাউন্টার স্টাফদের সঙ্গে খারাপ আচরণ করছেন।

তবে অভিযোগের বিষয়ে থ্রি-হুইলার মালিক সমিতি ও শ্রমিকদের বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। তাঁরা আলোচনায় বসতে সম্মতি দিয়েছেন। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন