মাদক মামলায় খালাস পেলেন আসিফ আকবর
লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের কাছে রাখার অভিযোগে দায়ের করা মাদক মামলায় সংগীতশিল্পী আসিফ আকবরকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (০৯ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার আগে গেল ৩ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয় এবং উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর সোমবার রায়ের দিন নির্ধারণ করা হয়েছিল। শুনানির সময় আসিফ আকবর আদালতে উপস্থিত ছিলেন। তার আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথ এলাকায় অবস্থিত একটি প্রতিষ্ঠানের কার্যালয় থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার অফিসকক্ষ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে সেগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।
লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই অপরাধ তদন্ত বিভাগ-এর সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
তদন্ত শেষে একই বছরের ১৩ অক্টোবর সিআইডির উপপরিদর্শক মো. জামাল উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০২৪ সালের ২৫ নভেম্বর আদালত আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
মামলাটিতে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ চূড়ান্ত রায় দেন।
এমএ//