ঈদের ছুটির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা
সরকারের নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ একদিনের সরকারি ছুটি ঘোষণা হওয়ায় ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) মঙ্গলবার (১০ মার্চ) এ নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারার অধীনে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই তথ্য জানানো হয়েছে।
চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে চলবে এবং সরকার ঈদুল ফিতরের সাধারণ ছুটি ২১ মার্চ নির্ধারণ করেছে। ঈদের আগে ও পরে ১৯, ২০, ২২ ও ২৩ মার্চ চারদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। নতুনভাবে ১৮ মার্চের ছুটি যুক্ত হওয়ায় আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
বিশেষভাবে ছুটি ম্যানেজ করলে ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চেও ছুটি নিয়ে, স্বাধীনতা দিবসের সরকারি ছুটি (২৬ মার্চ) এবং সপ্তাহান্তের ছুটি মিলিয়ে টানা ১২ দিনের বিশ্রাম পাওয়া সম্ভব।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ছুটির কারণে আর্থিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তাই গ্রাহকরা আগেভাগে প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করার ব্যবস্থা করবেন।