ইসরাইলি হামলায় বাস্তুচ্যুত ৭ লাখ ৮০ হাজার লেবানিজ
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে লেবাননে চলমান হামলায় প্রায় ৭ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। লেবাননের সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুতদের মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বর্তমানে সরকার পরিচালিত আনুষ্ঠানিক আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
এদিকে সীমান্ত পরিস্থিতি অবনতির কারণে জাতিসংঘ অন্তর্বর্তী বাহিনী লেবানন তাদের কর্মীদের সীমান্তবর্তী আলমা আশ শাব শহর থেকে সরিয়ে নিয়েছে।
শহরটি মূলত খ্রিষ্টান অধ্যুষিত এবং এটি ইসরাইল সীমান্তের কাছাকাছি অবস্থিত। ইসরাইলি সেনাবাহিনী বারবার জোরপূর্বক এলাকা খালি করার হুমকি দিলেও স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় শহর ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
চলমান সংঘাতের কারণে সীমান্তবর্তী এলাকাগুলোতে মানবিক সংকট দ্রুত তীব্র আকার ধারণ করছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমএ//