আন্তর্জাতিক

চোখে ও পায়ে আঘাত পেয়েছেন মোজতবা খামেনি

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের প্রথম পর্যায়ে আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ৫৬ বছর বয়সী খামেনির পায়ের হাড় ভাঙার পাশাপাশি বাম চোখের চারপাশে আঘাতের দাগ এবং মুখেও ছোটখাটো আঘাতের চিহ্ন রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময়ই তিনি আহত হন। এর আগে ইসরাইলি এক সূত্র দাবি করেছিল, হত্যাচেষ্টার সময় খামেনি আহত হয়েছেন। বিষয়টি নিয়ে কয়েক দিন ধরেই নানা গুজব ছড়িয়ে পড়ছিল।

ইরানের সাইপ্রাসে নিযুক্ত রাষ্ট্রদূত আলিরেজা সালারিয়ান জানিয়েছেন, হামলার সময় খামেনির বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং পরিবারের আরও পাঁচ সদস্য নিহত হন। সেই ঘটনার সময়ই মোজতবা খামেনি আহত হন বলে তিনি উল্লেখ করেন।

সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি।

বিশেষজ্ঞরা মনে করছেন, আঘাতের কারণে তিনি প্রকাশ্যে আসছেন না। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ নিশ্চিত করেছেন, খামেনি নিরাপদে আছেন এবং উদ্বেগের কোনো কারণ নেই।

এর মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে। এছাড়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরাইলের ওপর হামলা অব্যাহত রেখেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংঘাত শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা আছে। তবে তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহে যুদ্ধ বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন