পতাকা বৈঠকের পর বাংলাদেশি যুবককে ফেরত দিলো বিএসএফ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। আল হাসান (৩০) নামের ওই যুবক মাদারীপুর জেলার কেন্দুয়া ইউনিয়নের দেওরহাট গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল হালিম ফারাজী।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে কচাকাটা থানাধীন কেদার বিওপি ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার নং ১০১৫-এর ১৪/এস এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, আল হাসান গত বছরের ১৪ সেপ্টেম্বর দালালের মাধ্যমে চাকরির প্রলোভনে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের পুলিশ তাকে আটক করে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠায়।
ওসি অর্পন কুমার দাস বলেন, বিজিবি আল হাসান নামে একজন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ওই ব্যক্তির বাবা মাদারীপুর থেকে ছেলেকে নিতে আসলে রাতে তার জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
আই/এ