আন্তর্জাতিক

ইরাকে মার্কিন দূতাবাসে হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর দূতাবাস এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

তবে এই হামলা কারা চালিয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে যুদ্ধ শুরুর পরপরই সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটেছিল।

ইরান সংঘাতের প্রভাব এখন স্পষ্টভাবে পড়ছে ইরাকেও। বিশেষ করে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন ও পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে সংঘাতকে ইরাক পর্যন্ত ছড়িয়ে দিয়েছে।

এরই মধ্যে ইরাকে ফরাসি সেনাদের লক্ষ্য করে চালানো এক ড্রোন হামলায় একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে ইরাকে একটি কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাও ঘটেছে। এতে বিমানে থাকা ছয়জন ক্রু সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। যদিও মার্কিন বাহিনী জানিয়েছে, শত্রুপক্ষের আক্রমণ বা নিজেদের ভুলবশত গুলি নয়—অন্য কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

তবে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো দাবি করেছে, তাদের হামলার ফলেই এই বিমান বিধ্বস্ত হয়েছে।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন