ইসরাইলে তথ্য পাচারের অভিযোগে ইরানে ২০ জন গ্রেপ্তার
ইসরাইলের কাছে গোপন তথ্য সরবরাহের অভিযোগে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০ জনকে আটক করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটর দপ্তরের এক বিবৃতির বরাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য ইসরাইলের কাছে পাঠানোর অভিযোগ রয়েছে।
বিবৃতিতে বলা হয়, জায়োনিস্ট শাসনের সঙ্গে যুক্ত কয়েকটি ভাড়াটে নেটওয়ার্ককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসব নেটওয়ার্ক ইসরাইলের সঙ্গে সমন্বয় করে সামরিক ঘাঁটি, আইনশৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা স্থাপনার তথ্য শত্রুপক্ষের কাছে পাঠাচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।
প্রসিকিউটর দপ্তর জানায়, আদালতের নির্দেশে অভিযান চালিয়ে ওই ২০ জনকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে গেল সপ্তাহে রয়টার্স জানায়, স্থলভাগে থাকা তথ্যদাতাদের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের বিভিন্ন স্থানে হামলার নতুন ধাপ শুরু করেছে ইসরাইল। এসব হামলায় মূলত নিরাপত্তা চৌকিগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
এমএ//