ইরান থেকে দেশে ফিরছেন ২০০ বাংলাদেশি
জরুরি পরিস্থিতির কারণে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রথম ধাপে প্রায় ২০০ জন বাংলাদেশিকে দেশে ফেরানো হচ্ছে।
সরকারি সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) আজারবাইজানের রাজধানী বাকু হয়ে এসব বাংলাদেশিকে ঢাকায় আনা হবে। তাদের ফেরানোর পুরো প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হককে। এ উদ্দেশ্যে তাকেও আজারবাইজানে পাঠানো হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, বাকু থেকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশিদের ঢাকায় ফিরিয়ে আনা হবে।
রাষ্ট্রদূত আমানুল হক বলেন, দেশে ফিরতে আগ্রহীদের প্রথমে সড়কপথে ইরাক সীমান্ত হয়ে আজারবাইজানে নেওয়া হবে। এরপর বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে পাঠানো হবে।
জানা গেছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি দূতাবাসের কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ফেরানোর প্রস্তুতি শুরু হয়।
সব মিলিয়ে প্রায় ৩০০ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। দুই ধাপে তাদের দেশে ফেরানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এমএ//