উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন
বগুড়ার ৯ বগিসহ ট্রেন লাইনচ্যুত
ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন বগুড়ার সান্তাহার এলাকায় লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ট্রেনের যাত্রী ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রেনটির অন্তত ৯টি বগি রেললাইন থেকে ছিটকে যায়। ঘটনার পর হতাহতের আশঙ্কা করা হলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের ছাদে থাকা কয়েকজন যাত্রী পড়ে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, ট্রেনটি দুপুরের দিকে সান্তাহার স্টেশনে বিরতি নেওয়ার পর কিছু দূর এগোতেই লাইনচ্যুত হয়। এতে একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। উদ্ধার কাজ শুরু হয়েছে এবং দ্রুত লাইন সচল করার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এমএ//