দেশজুড়ে

নিখোঁজের দুই দিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আল আমিন (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে ঘাট সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আল-আমিন সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামের বাসিন্দা মৃত কালু শিকদারের ছেলে। 

স্থানীয়রা জানান, গেল বুধবার দুপুরে আল আমিন লঞ্চঘাট এলাকায় নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল উদ্ধার অভিযান চালালেও তখন তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে শুক্রবার সন্ধ্যায় পন্টুনের কাছাকাছি পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

এলাকাবাসী জানান, আল-আমিন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং প্রায়ই লঞ্চঘাট এলাকায় ঘোরাফেরা করতেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন শিশু পানিতে গোসল করছিল। এসময় তাদের একজন আল আমিনকে ধাক্কা দিলে তিনি পানিতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তবে ওই শিশুর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ওসি মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন