রাজনীতি

নির্বাচন সুষ্ঠু হয়নি, দেশের স্বার্থে ফল মেনে নিয়েছি : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটা আমরা বলিনি। আমাদের অন্য কথা আছে। তবে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। যাতে দেশ অচল না হউক।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা গ্রামে স্থানীয় এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব বলেন

সরকারের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, মনে রাখবেন জুলাই মাত্র দেড় বছর হয়েছে। সারা দেশের মানুষ জুলাই যোদ্ধা। এ মানুষগুলো আপনাদের ক্ষমা করবে না। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মত হউক।

তিনি বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে মত দিলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় মানুষের মধ্যে আবারও অনাস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ঘটেছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। জনগণের অর্থ ও স্বার্থ রক্ষায় সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে।  জনগণের অধিকার রক্ষায় জামায়াত কোনো আপস করবে না

তিনি আরও বলেন, টিআইবি, সুজনের মতো সংগঠন নির্বাচন নিয়ে তাদের মতামত তুলে ধরেছে। গত নির্বাচন কেমন হয়েছে তা বুঝার জন্য এসব প্রতিবেদন সহায়ক হবে। গত নির্বাচনে ৬৫ শতাংশ মানুষ হ্যাঁভোট দিয়েছেন, তারা সংস্কার চান। কিন্তু মানুষের সেই প্রত্যাশা বাস্তবায়ন হচ্ছে না। গণভোটের এক অংশ বাস্তবায়ন হলেও, আরেক অংশ এখন পর্যন্ত উপেক্ষিত রয়ে গেছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এ জামায়াত নেতা বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন। জনপ্রতিনিধিদের মাধ্যমেই জনগণের কাজ হওয়া উচিত, যাতে জবাবদিহি নিশ্চিত হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন