কুমিল্লার বাস-ট্রেন দুর্ঘটনায় গেটম্যান হেলাল গ্রেপ্তার
কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়িত্বরত রেলক্রসিং গেটম্যান মো. হেলাল (৪১) কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
বুধবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গেল ২১ মার্চ দিবাগত রাত প্রায় ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী ট্রেনের সংঘর্ষ হয়। এতে ১২ জন নিহত ও ২৪ জন যাত্রী আহত হন।
র্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই সময় দায়িত্বে থাকা গেটম্যান গেট বন্ধ না করায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত সোহেল রানার স্বজন বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকা থেকে হেলালকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি দায়িত্বে অবহেলার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, দুর্ঘটনার সময় ট্রেনটি বাসটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়, ফলে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং হতাহতের সংখ্যা বেড়ে যায়।
এমএ//